নেত্রকোনার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যা মামলায় হত্যায় জড়িত থাকার অভিযোগে মামলার অন্যতম সন্দেহভাজন আসামি অপূর্বকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর বাজারের সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেপ্তারকৃত সাজিবুল ইসলাম অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলী মেকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত অপূর্বের বিরুদ্ধে গুরুতর অপরাধের পূর্ব রেকর্ড রয়েছে। এর আগে ২০২৫ সালের জানুয়ারি মাসে দুর্গাপুরে পুলিশের সাব-ইনস্পেক্টর (এসআই) মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করার মামলার অন্যতম আসামি হিসেবেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে খুন হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।