
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় উৎসবমুখর পরিবেশে শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন স্থানীয় সরকারি কর্মকর্তা, অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা। পরে বিদ্যালয় মাঠে স্থানীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিশকাকুনী ইউনিয়ন ও ধলামূলগাঁও ইউনিয়নের দল মুখোমুখি হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, পূর্বধলা থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও আনোয়ারুল ইসলাম আনার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, সংসদ সদস্যের প্রতিনিধি মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদসহ শিক্ষক, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরে দেশব্যাপী ১৬ লাখ ২৩ হাজারের বেশি শিশু-কিশোর ও তরুণ নিবন্ধন করেছে। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে নতুন ক্রীড়া প্রতিভার বিকাশ ঘটবে এবং তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।




