
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর রহমান ফকির আলিফ হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পূর্বধলার সাংবাদিক মহল। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার (১৮ অক্টোবর) পৃথক দুটি স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রথম মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সকাল ১১টায় পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব গেটেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হত্যা ও হামলার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য গভীর উদ্বেগের। সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিক আলিফ হত্যার পেছনে জড়িত ব্যক্তি, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তদন্তে কোনো ধরনের গাফিলতি না করে নিরপেক্ষভাবে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপরাধ প্রমাণিত হলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সদস্য শফিকুজ্জামান, গোলাম মোস্তফা, নুর উদ্দিন মণ্ডল দুলাল, জাকির আহমদ খান কামাল, হাবিবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন।
অন্যদিকে উপজেলা পরিষদ গেটের কর্মসূচিতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক মো. ছাইদুল ইসলাম, লেখক ও কলামিস্ট জাকির আহমদ খান কামালসহ স্থানীয় সাংবাদিকেরা বক্তব্য দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফর রহমান ফকির আলিফ। তিনি বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।




