
মো. আকরাম হোসেন রতনঃ নেত্রকোনার পূর্বধলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও সরিষা চাষ সম্প্রসারণের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এমএ মান্নান ও সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক, এনামুল হক হলুদ এবং যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো,আব্রাহাম লিংকন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হলো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফসল উৎপাদনে উৎসাহিত করা। সরিষা চাষ সম্প্রসারণের মাধ্যমে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমাতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে সরিষার আবাদ বাড়ানোর জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।
পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সরকারের নির্ধারিত কৃষি উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির ফলে একদিকে যেমন কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে সরিষা চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ভোজ্যতেল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।





